অভাব আর প্রতিকূলতা যাঁদের দমিয়ে রাখতে পারে না, সত্যজিৎ চন্দ্র রায় তেমনই এক অদম্য তরুণের নাম। রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর কালীবাড়ী গ্রামের এই কৃতি সন্তান নানা বাধা পেরিয়ে আজ পৌঁছেছেন সাফল্যের শিখরে। ৪৫তম বিসিএসে (টেকনিক্যাল এডুকেশন) ইনস্ট্রাক্টর (টেক/ইলেকট্রিক্যাল) পদে সুপারিশপ্রাপ্ত হয়ে সরকারি গেজেটভুক্ত কর্মকর্তা হয়েছেন তিনি।
সত্যজিতের পথচলাটা মোটেও মসৃণ ছিল না। তাঁর বাবা ছিলেন সাধারণ এক মুড়ি বিক্রেতা আর মা গৃহিণী। মুড়ি বিক্রির সামান্য আয়ে সংসার চালানো যেখানে দূরূহ ছিল, সেখানে তিন ভাইয়ের পড়াশোনার খরচ চালানো ছিল এক অসম্ভব লড়াই। তবে সব প্রতিকূলতা জয় করে প্রাথমিক থেকে মাধ্যমিক—প্রতিটি শ্রেণিতেই প্রথম স্থান অধিকার করেছিলেন সত্যজিৎ।
নিরক্ষর বাবা ঠিকই বুঝতে পেরেছিলেন শিক্ষার শক্তি। তাই শত অভাবের মধ্যেও সন্তানদের পড়াশোনায় কড়া নজর রাখতেন। সত্যজিৎ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বাবার সেই দিনগুলো, ‘বাবার কঠোর পরিশ্রম ও পড়ালেখার প্রতি আগ্রহ আমাকে সবসময় তাড়িত করত। মনে হতো, বাবার এই ঘামের সঠিক মূল্যায়ন করতেই হবে।’
এই অদম্য মেধাবীর পাশে এসে দাঁড়ায় ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী’ তহবিল। এই তহবিল থেকে শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন এবং জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার পথ সুগম করতে তাঁকে উচ্চশিক্ষা বৃত্তি প্রকল্পের আওতায়ও যুক্ত করা হয়। ফলে আর্থিক দুশ্চিন্তা কাটিয়ে তিনি মনোযোগ দেন পড়াশোনায়। সফলভাবে ভর্তি হন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে তিনি চাকরিতে প্রবেশ করেন এবং পরিবারের আর্থিক অনটন দূর করেন।
ইঞ্জিনিয়ারিং শেষ করে কর্মজীবনেও একের পর এক সফলতা অর্জন করেছেন সত্যজিৎ। ২০২২ সালের ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন সংস্থায় (এনএসডিএ) সহকারী পরিচালক পদে যোগ দেন। সেখানে চার বছরের বেশি সময় সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পর চলতি বছরের ৩১ অক্টোবর পদত্যাগ করেন। এর আগে নৌপরিবহন অধিদপ্তরের অধীন ‘ইজিআইএমএনএস’ প্রকল্পে সহকারী পরিচালক (অপারেশন) হিসেবে কাজ করেছেন।
বিসিএসে গেজেটভুক্ত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে সত্যজিৎ বলেন,‘পরম সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। বাবা-মা, পরিবার এবং ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টসহ আমার সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি অন্তহীন ধন্যবাদ, যাঁদের আশীর্বাদে ও সহযোগিতায় আমি আজ এই স্থানে। নতুন কর্মস্থলে যেন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সবার কাছে সেই দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি।’
সত্যজিৎ চন্দ্র রায়ের এই গল্প কেবল একজন যুবকের বিসিএস ক্যাডার হওয়ার গল্প নয়; এটি সংগ্রাম, জেদ এবং সঠিক সহযোগিতায় বদলে যাওয়া এক সম্ভাবনাময় জীবনের অনুপ্রেরণামূলক উপাখ্যান।