প্রথম আলো ট্রাস্ট ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক এক কর্মশালার আয়োজন করে। ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় পরামর্শ দেন মনোরোগবিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মেখলা সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক মো. সেলিম হোসেন। উক্ত কর্মশালা থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি পরামর্শ তুলে ধরা হলো।
মন ভালো নাকি খারাপ আছে—যতক্ষণ তা বোঝা যায়, ততক্ষণ পরিস্থিতি জটিল থাকে না বলে মন্তব্য করেন বিশিষ্ট মনোরোগবিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, মনের অবস্থা যখন আমরা বুঝতে পারি না, তখনই বিপত্তি ঘটে। যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রথমেই বিকল্প উপায় বা পথ খোঁজার ওপর জোর দিয়ে তিনি বলেন, সব প্রতিকূলতা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাই মানুষকে সফল করে তোলে। প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন এই বিশেষজ্ঞ। যেমন:
নিজের মনের অবস্থা বোঝা: মন ভালো আছে নাকি খারাপ, তা উপলব্ধি করা প্রথম ধাপ। যখন আমরা বুঝতে পারি যে আমাদের মন খারাপ বা আমরা মানসিক চাপে আছি, তখন সমস্যার অর্ধেক সমাধান হয়ে যায়।
বিকল্প চিন্তা বা পরিকল্পনা করা: যেকোনো কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে বা একই উপায়ে আটকে না থেকে বিকল্প কী পথ বা সমাধান আছে, তা নিয়ে চিন্তা করতে হবে।
ইতিবাচক মনোভাব রাখা: অতীত বা পেছনের প্রতিকূলতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করা।