প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে কী করবেন?’—এ বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সন্তানের সুস্থ বেড়ে ওঠা এবং ভবিষ্যতের সাফল্য অনেকটাই মা-বাবার সঙ্গে তাদের সম্পর্কের গভীরতার ওপর নির্ভর করে বলে জানিয়েছেন ডা. ফারজানা রাহমান।
তিনি বলেন, ‘মা–বাবার সঙ্গে সন্তানের সম্পর্কটা সহজ, সুন্দর ও চমৎকার হতে হবে। সম্পর্ক ভালো হলে সন্তানেরা সহজেই মা–বাবার কথা শুনবে এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ লুফে নেবে।’
বর্তমান প্রজন্মের শিশুদের বৈশিষ্ট্য উল্লেখ করে ডা. ফারজানা রাহমান বলেন, ‘এ প্রজন্মের শিশুরা অত্যন্ত স্পর্শকাতর, অনুভূতিপ্রবণ ও বুদ্ধিমান। তারা মা–বাবার আচার–আচরণ ও দৈনন্দিন জীবনযাপন গভীরভাবে পর্যবেক্ষণ করে। তাই মা-বাবাদের নিজেদের জীবনযাপনের ধরন আরও পরিশীলিত করা প্রয়োজন।’