শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি

মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পরামর্শ দেন সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা।

প্রথম আলো ট্রাস্ট ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করে। ২০২৩ সালের ২ ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে  এ সভার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় পরামর্শ দেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সজীব আবেদীন এবং ঢাকা সিটি হাসপাতাল লিমিটেডের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা। উক্ত কর্মশালা থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি পরামর্শ তুলে ধরা হলো।

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেেন সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা। তিনি বলেন, `শরীর ও মন ওতপ্রোতভাবে জড়িত। একটির অবনতি ঘটলে অন্যটির ওপরও তার নেতিবাচক প্রভাব পড়ে। তাই এগিয়ে যাওয়ার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও অত্যন্ত জরুরি।'

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, দৈনন্দিন জীবনে মানসিক সমস্যায় পড়লে তা এড়িয়ে না গিয়ে সচেতন হওয়া উচিত এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শরীর ও মন—দুটোরই সমানভাবে যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।