সন্তানের ব্যক্তিত্ব গঠনে প্রয়োজন ‘গণতান্ত্রিক প্যারেন্টিং’

সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. মোহিত কামাল।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৩ সালের ২৯ নভেম্বর অনলাইনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. মোহিত কামাল। তিনি  ‘গণতান্ত্রিক প্যারেন্টিং কী ও কেমন’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সন্তানের সঙ্গে পরিবারের আচরণের ওপরই তার ব্যক্তিত্বের ধরণ গড়ে ওঠে। তাই সন্তানের সুস্থ মানসিক বিকাশের জন্য ‘গণতান্ত্রিক প্যারেন্টিং’ বা ইতিবাচক অভিভাবকত্ব অত্যন্ত জরুরি।

এ ব্যাপারে ডা. মোহিত কামাল বলেন, ‘গণতান্ত্রিক প্যারেন্টিংয়ের ক্ষেত্রে অভিভাবকেরা সন্তানদের পরিচর্যা, নিরাপত্তা ও মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি তাদের মানসিক চাহিদাকে সমান গুরুত্ব দেবেন। এই পদ্ধতিতে বাবা-মা সন্তানের ব্যক্তিত্বকে মূল্যায়ন করেন এবং আলাপ-আলোচনার মাধ্যমে তাদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিয়ে থাকেন। তবে এই স্বাধীনতার একটি নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন। একই সাথে, সন্তানের কৌতূহল মেটাতে তাদের যেকোনো প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া উচিত।’