প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। তিনি ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করনীয়’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
স্কুলে ভীতিকর কোনো পরিস্থিতির সম্মুখীন হলে সেই মুহূর্তের ট্রমাটা কাটিয়ে নেওয়ার জন্য অভিভাবকের কি করা উচিত? কিংবা বাচ্চাকে আরেকটু সাহসী করে কিভাবে সামনের জন্য তৈরি করবেন? এর উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘সমাধানটা এক কথায় নেই, কারণ একেকটা ঘটনা একেক রকম। তবে তার আগে আমি একটা বিষয় যোগ করতে চাই—কীভাবে বুঝবো যে আমাদের সমস্যা হচ্ছে? বাচ্চারা যখন স্কুলে যেতে চায় না বা অপছন্দ করে, তার কিন্তু একটা খুব কমন প্রকাশ থাকে পেট ব্যথা। অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে শিশুটি বোধহয় অভিনয় করছে, স্কুল এড়িয়ে যাওয়ার জন্য। কিন্তু পেট ব্যথা কিন্তু তার অভিনয় নয়।এটি মানসিক চাপের একটি শারীরিক প্রকাশ। তাই শিশুর অনিচ্ছাকে তুচ্ছ না করে এর পেছনের কারণ খোঁজা জরুরি।