প্রথম আলো ট্রাস্ট ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক এক কর্মশালার আয়োজন করে। ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় পরামর্শ দেন মনোরোগবিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মেখলা সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সেলিম হোসেন। উক্ত কর্মশালা থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি পরামর্শ তুলে ধরা হলো।
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বন্ধু ও পরিবারের অপরিহার্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সেলিম হোসেন বন্ধুত্বের সম্পর্ককে মানুষের জীবনের অন্যতম বড় সম্পদ হিসেবে অভিহিত করেন। এ বিষয়ে তাঁর সুনির্দিষ্ট আলোচনা ও পর্যালোচনার মূল দিকগুলো নিচে তুলে ধরা হলো:
জীবনের অমূল্য সম্পদ হিসেবে বন্ধুত্ব: মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বন্ধুত্বের সম্পর্ক যে কতটা গভীয় এবং তাৎপর্যপূর্ণ, তা তুলে ধরে তিনি বলেন যে, ভালো বন্ধু কেবল বিপদের সঙ্গীই নয়, বরং এটি মানুষের মানসিক শক্তির একটি বড় উৎস।
শারীরিক ও মানসিক সুস্থতার মেলবন্ধন: সুস্বাস্থ্য বলতে কেবল শারীরিক সক্ষমতা বোঝায় না, এর জন্য মনের সুস্থতাও সমানভাবে জরুরি। ভালো বন্ধুরা একে অপরের পাশে থেকে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা কাটিয়ে উঠতে দারুণভাবে সহায়তা করে।
পরিবারের আস্থার জায়গা: বন্ধুত্বের পাশাপাশি পরিবারের ভূমিকাও মানসিক সুরক্ষায় অনস্বীকার্য। পরিবার ও বন্ধুদের ইতিবাচক সাহচর্য এবং আন্তরিক মানসিকতাই একজন মানুষকে জীবনের যেকোনো কঠিন পরিস্থিতি বা সংকট মোকাবিলা করার সাহস জোগায়।