প্রথম আলো ট্রাস্টের আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় আলোচক ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। ২০২৩ সালের ১৭ এপ্রিল উক্ত আয়োজনে ‘মানসিক চাপ সামলাবেন কীভাবে’ এই বিষয়ের উপর আলোচনা করেন তিনি। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।
কোনো চিন্তা বা দুশ্চিন্তা যখন একজন মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে, তখনই বুঝতে হবে তিনি মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। আর এই চাপ থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়ার খোঁজে অনেকেই সিগারেট, ঘুমের ওষুধ বা মাদকের মতো মারাত্মক ক্ষতিকর উপাদানে আসক্ত হয়ে পড়ছেন। ‘মানসিক চাপ সামলাবেন কীভাবে’—শীর্ষক পরামর্শ সভায় এ তথ্য জানান ডা. সরদার আতিক।
তিনি উল্লেখ করেন, ‘অনেকেই মানসিক চাপ থেকে সাময়িক উপশম পেতে মাদক নেওয়া শুরু করেন, যা পরবর্তী সময়ে স্থায়ী আসক্তিতে রূপ নেয়। মানসিক চাপ জীবনেরই অংশ। কিন্তু এর সমাধান কখনোই মাদক বা চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ হতে পারে না। সাময়িক স্বস্তির এই শর্টকাট পথ মানুষকে দীর্ঘমেয়াদি ও ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই মানসিক চাপ মোকাবিলায় ক্ষতিকর উপায়ের ওপর নির্ভর না করে সঠিক ও সুস্থ জীবনধারা বজায় রাখতে হবে।’