প্রথম আলো ট্রাস্ট পরিচালিত নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরামারা গ্রামের সাদত স্মৃতি পল্লীর আম্বিয়া খাতুন স্মৃতি মেধাবৃত্তির আওতায় থাকা ১৯ জন শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। কৃতিত্বপূর্ণ এই ফলাফলের জন্য সম্প্রতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে গুণীজন ও আয়োজকদের উপস্থিতিতে বরণ করে নেওয়া হয়।
মনিপুরা উচ্চ বিদ্যালয় (৯ জন) ও ইউনুস মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় (১০ জন) থেকে মোট ১৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেয় এবং সবাই পাস করে। চারজন শিক্ষার্থী A+ অর্জন করেছে । তারা হলো- মনিপুরা উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ শাকিরুল হাসান এবং ইউনুস মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হাসিবা আক্তার, তাহসিন আক্তার ও মেহেরিন আফরোজ সেতু। বাকি শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন A গ্রেড ও একজন B গ্রেড পেয়েছে। এ উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া চার শিক্ষার্থীকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয় এবং অংশ নেওয়া সব শিক্ষার্থীকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত অর্থায়নে এবং প্রথম আলো ট্রাস্টের পরিচালনায় ২০১৯ সাল থেকে এই বৃত্তিমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসের ১০ জন করে মোট ৮০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ধারাবাহিকভাবে চার বছর প্রতি মাসে ৫০০ টাকা করে বৃত্তি পায়।
শিক্ষার্থীদের বৃত্তির পাশাপাশি সাদত স্মৃতি পল্লীতে রয়েছে বয়স্কভাতা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, শিশু বিকাশ কেন্দ্র, সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ এবং কিশোরীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম।