ডিনস অ্যাওয়ার্ড পেলেন অদম্য মেধাবী আরছিনা আক্তার

উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের হাত থেকে মর্যাদাপূর্ণ ‘ডিনস অ্যাওয়ার্ড ২০২৩’ গ্রহণ করছেন অদম্য মেধাবী শিক্ষাবৃত্তিপ্রাপ্ত মোসা. আরছিনা আক্তার কেয়া।

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তিপ্রাপ্ত মোসা. আরছিনা আক্তার কেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ‘ডিনস অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩.৯৩ সিজিপিএ অর্জন করে মেধাতালিকায় চতুর্থ স্থান অধিকার করায় তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

গত ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আরছিনা আক্তারসহ জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ডিনস অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

অদম্য মেধাবী শিক্ষাবৃত্তিপ্রাপ্ত মোসা. আরছিনা আক্তার কেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ‘ডিনস অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করেছেন।

পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরছিনা আক্তার বলেন, প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পথটি মোটেও সহজ ছিল না। আর্থিক অনটন, সামাজিক প্রতিবন্ধকতা ও নানা সীমাবদ্ধতা পেরিয়ে তাঁকে এগিয়ে যেতে হয়েছে। এসএসসি পাসের পর ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি’ পাওয়ার পর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি প্রথম ঢাকায় আসেন, যা তাঁকে নতুন করে স্বপ্ন দেখার সাহস জোগায়। পরবর্তীতে এই বৃত্তির ধারাবাহিক সহযোগিতা তাঁর শিক্ষাজীবন এগিয়ে নিতে বড় ভূমিকা রাখে।

বিশ্ববিদ্যালয় জীবনের চ্যালেঞ্জের কথা স্মরণ করে তিনি আরও বলেন, দেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা সহপাঠীদের দেখে শুরুতে নিজেকে পিছিয়ে পড়া মনে হতো এবং পড়াশোনায় কখনো কখনো হোঁচটও খেয়েছেন। তবে থেমে না থেকে বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টাই তাঁকে বিভাগের শীর্ষ পাঁচজনের মধ্যে জায়গা করে দিয়েছে। এই সাফল্যের পেছনে পরিবারের ত্যাগ, শিক্ষকদের দিকনির্দেশনা ও শুভানুধ্যায়ীদের ভালোবাসার কথা উল্লেখ করে সবার কাছে দোয়া চান তিনি।

আরছিনা আক্তারের বাড়ি দিনাজপুর সদর উপজেলার বলদিয়াপুকুর গ্রামে। ভিটেমাটি ছাড়া কোনো জমি না থাকা পরিবারটিতে বাবা আলাউদ্দিন স্থানীয় বাজারে সবজি বিক্রি করে সংসার চালাতেন, তবে বার্ধক্যের কারণে এখন আর তেমন কাজ করতে পারেন না। মা রওশন আরা গৃহিণী। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে চতুর্থ আরছিনা প্রতিদিন ভোরে সাইকেল চালিয়ে প্রায় পাঁচ কিলোমিটার দূরের চেরাডাঙ্গী উচ্চবিদ্যালয়ে যাতায়াত করতেন।

২০১৭ সালে ওই বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর তাঁকে নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এর সূত্র ধরেই তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি লাভ করেন। পরে দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ অর্জন করেন এবং স্নাতক পর্যায়েও তাঁর বৃত্তি অব্যাহত থাকে। এইচএসসি ও স্নাতক মিলিয়ে মোট ছয় বছর এই শিক্ষাবৃত্তি পেয়েছেন তিনি। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এই মেধাবী শিক্ষার্থী বর্তমানে স্নাতকোত্তর শেষ করার পথে রয়েছেন।