স্বাগত আপনাকে অথই। কেমন আছেন?
অথই ধর: ভালো আছি। আপনি ভালো আছেন?
ভালো আছি। আপনাকে প্রথমেই অভিনন্দন জানাই। আর সর্বোচ্চ একটা বছর, এরপরই আপনার স্বপ্নের স্নাতক শেষ হবে এবং নতুন আরেকটি যাত্রা শুরু হবে। সেই যাত্রা শুরুর আগে আপনার শৈশব ও বেড়ে ওঠার গল্প শুনতে চাই।
অথই ধর: আমার জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। পড়াশোনার হাতেখড়ি চট্টগ্রামের সেন্ট মার্টিন’স কিন্ডারগার্টেন স্কুলে। এরপর ভর্তি পরীক্ষার মাধ্যমে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ভর্তি হই। সেখান থেকে এসএসসি পাসের পর চট্টগ্রাম সরকারি সিটি কলেজে পড়াশোনা করি। কলেজ জীবন শেষে বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) অর্থনীতি বিভাগে তৃতীয় বর্ষে পড়ছি।
চট্টগ্রামে বেড়ে ওঠার সুবাদে এইউডব্লিউ সম্পর্কে আপনার আগে থেকেই জানাশোনা ছিল। সেখান থেকেই কি এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করা?
অথই ধর: আমি এইউডব্লিউ সম্পর্কে জানতাম, তবে এখানকার বৃত্তির সুযোগ-সুবিধা সম্পর্কে আগে তেমন ধারণা ছিল না। আমার এক বান্ধবী এই বিশ্ববিদ্যালয়ে পড়ত। তার কাছ থেকেই জানতে পারি যে এখানে মেধাবী ও অদম্য শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। এরপর আবেদন করি, ভর্তি পরীক্ষা দিই এবং সৌভাগ্যবশত পড়ার সুযোগ পেয়ে যাই। মূলত এভাবেই আমার এই যাত্রা শুরু হয়।
বাংলা মাধ্যম থেকে এসে এইউডব্লিউর সম্পূর্ণ ভিন্ন ও আন্তর্জাতিক পরিবেশে—যেখানে বিদেশি শিক্ষক ও সহপাঠী রয়েছেন এবং সবকিছু ইংরেজিতে পরিচালিত হয়—প্রথম দিকে মানিয়ে নিতে কেমন লেগেছিল?
অথই ধর: শুরুতে কিছুটা জড়তা বা নার্ভাসনেস কাজ করত ঠিকই, কিন্তু এইউডব্লিউর পরিবেশ এতটাই বন্ধুত্বপূর্ণ যে মানিয়ে নিতে আমার খুব একটা সময় লাগেনি। এখানকার বিদেশি শিক্ষার্থীরা ভীষণ আন্তরিক। তারাও নতুন পরিবেশে শিখছে, আমিও শিখছি—এই পারস্পরিক সহযোগিতার কারণে বিষয়টি খুব দ্রুতই সহজ হয়ে গিয়েছিল।
পড়াশোনার প্রচণ্ড চাপের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, ম্যাগাজিন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও টুর্নামেন্টে আপনাদের সমানতালে অংশ নিতে হয়। ২৪ ঘণ্টার মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করেন?
অথই ধর: সম্প্রতি আমার একটি অভিজ্ঞতা শেয়ার করি। দুপুর ১২টায় একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু সাড়ে ১১টায় আমার ক্লাস ছিল। আমি বিষয়টি আমার অধ্যাপককে জানালে তিনি খুব সহজেই অনুমতি দেন। এখানকার শিক্ষকেরা ভীষণ নমনীয় ও সহযোগিতাপরায়ণ। তাঁরা জানেন যে শিক্ষার্থীরা পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমের মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখে। তাঁদের সহযোগিতা এবং নিজেদের পরিকল্পনার কারণে ক্লাস ও ক্লাবের কাজ সামলানো খুব একটা কঠিন হয় না।
নতুন সেমিস্টারে যেসব ‘অদ্বিতীয়া’ এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, প্রথম দিন থেকেই বহুসাংস্কৃতিক পরিবেশ ও পড়াশোনার চাপ সামলে এগিয়ে যাওয়ার জন্য তাদের প্রতি আপনার পরামর্শ কী থাকবে?
অথই ধর: নতুন পরিবেশে এসে ভয় না পেয়ে নিজেকে মানিয়ে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। চ্যালেঞ্জগুলোকে ইতিবাচকভাবে নিয়ে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারলে বিশ্ববিদ্যালয় জীবনটা যেমন উপভোগ্য হবে, তেমনি সময়ের সঠিক ব্যবহারও নিশ্চিত করা যাবে।
আপনি জানিয়েছেন যে আপনি আপনার মায়ের হাতকে শক্ত করতে চান। মায়ের একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেম হয়ে ওঠার জন্য স্নাতক শেষে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
অথই ধর: স্নাতক শেষ করার পর স্নাতকোত্তর করার ইচ্ছা আছে, তবে সেটি এখনো পুরোপুরি চূড়ান্ত নয়। কিন্তু পড়াশোনা করছি অবশ্যই নিজের পায়ে দাঁড়ানোর জন্য। এমন কিছু করতে চাই, যার মাধ্যমে আমার এবং আমার মায়ের স্বপ্ন পূরণ হয়।
আপনি যেহেতু অর্থনীতিতে পড়ছেন, নিশ্চয়ই এই বিষয়ের সাথে সম্পর্কিত কোনো পেশায় যাওয়ার পরিকল্পনা করছেন?
অথই ধর: অর্থনীতি কিংবা যেকোনো আর্থিক খাতে কাজ করার প্রবল ইচ্ছা আছে। সে লক্ষ্যেই এখন নিজেকে প্রস্তুত করছি এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করছি। তবে আমি এখনই কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিজেকে আটকে রাখিনি; সব ধরনের সম্ভাবনার পথ খোলা রেখেছি।
আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা ও আত্ম-উন্নয়নের নিরিখে ১০-এর মধ্যে তিন বছর আগের অথইকে এবং বর্তমানের অথইকে কত নম্বর দেবেন?
অথই ধর: তিন বছর আগে যখন এইউডব্লিউতে ভর্তি হয়েছিলাম, তখন নিজের মধ্যে এতটা আত্মবিশ্বাস ছিল না। তাই তখনকার অথইকে আমি ১০-এ ৫ দেব। কিন্তু এই তিন বছরে নিজেকে অনেকটাই গড়ে তুলেছি, তাই বর্তমানের অথইকে আমি ১০-এ অবশ্যই ৮ দেব।
৫ থেকে ৮-এ পৌঁছানোর এই রূপান্তরের পেছনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও চ্যালেঞ্জগুলো কীভাবে ভূমিকা রেখেছে?
অথই ধর: এখানকার আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ও গ্রেডিং পদ্ধতি বাংলাদেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার চেয়ে আলাদা। নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে এই পদ্ধতির সাথে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াই একজন শিক্ষার্থীকে বদলে দেয়। তা ছাড়া এখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে মেলামেশা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে অন্যের সংস্কৃতি জানার দারুণ সুযোগ তৈরি হয়। দেশে বসেই নিজেকে আন্তর্জাতিক মানের একজন মানুষ হিসেবে গড়ে তোলার এই সুযোগটিই আমার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, অথই। মায়ের হাত শক্ত করার যে স্বপ্ন আপনি দেখেন, তা সত্যি হোক—এই শুভকামনা রইল। ভালো থাকবেন।
অথই ধর: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।