‘ইয়াবা সেবনে অল্প সময়ের মধ্যেই মানসিক বৈকল্য দেখা দেয়’

 প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৭ এপ্রিল ২০১৪ তারিখে  প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১৬১।

 প্রশ্ন: আমার বয়স ২৪ বছর। কিছুদিন যাবৎ  ইয়াবা  নিচ্ছি। আমি ভালো হতে চাই।  কিন্তু পরিবারকে জানাতে চাই না। কী করতে পারি?

উত্তর: মানুষ বিভিন্ন কারণে ইয়াবা নেয়। যেমন: কৌতূহল, বন্ধুদের চাপ ও কিছু ভুল ধারণা থেকে ইয়াবায় আসক্ত হয়। কারণ যা-ই হোক না, ইয়াবা অত্যন্ত ক্ষতিকর একটি মাদক। খেলে প্রচণ্ড বিষণ্নতা তৈরি হয়। অল্প সময়ের মধ্যেই মানসিক বৈকল্য দেখা দেয়। মেজাজ খিটখিটে হয়। কোনো কাজের আগ্রহ থাকে না। কাজ করার শক্তিও থাকে না। ধীরে ধীরে যৌনশক্তি হারিয়ে ফেলে। শরীর দুর্বল হতে হতে মারাত্মক আকার ধারণ করে।  ইয়াবাসহ যেকোনো মাদক হোক না কেন, গোপন রাখার কিছু নেই। যেকোনো অসুস্থার ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিতে হয়। মনে করতে হবে এটি অন্য অসুখের মতো এটিও একটি রোগ। পরিবারের সবাইকে জানাতে হবে। কারণ, ইয়াবাসেবী একটি ফাঁদে পড়ে গেছে। তাকে এ ফাঁদ থেকে তুলতে হবে। গোপন করলে সবার জন্য ক্ষতিকর। আপনি পরিবারকে জানান এবং পরামর্শ করে দ্রুত কোনো চিকিৎসকের কাছে আসুন। জাতীয় মানসিক স্বাস্থ্যকেন্দ্রেও আসতে পারেন। এখানে বহির্বিভাগ থেকে ১০ টাকার টিকিট করে শরীরের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এবং চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা করলে দ্রুত সেরে উঠতে পারবেন।