প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ২০ মে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৮তম অনলাইন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল। এইবারের বিষয়টি ছিল — ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' উক্ত অনুষ্ঠানের আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
ই-সিগারেট বা ভ্যাপিংয়ের কারণে আপনার চেম্বার বা প্র্যাকটিক্যাল টেবিলে তরুণদের অবস্থা কেমন দেখছেন?
এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক ডা.মোহিত কামাল বলেন, ‘ই-সিগারেট বা ভ্যাপিংয়ের কারণে তরুণদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। আমার জুনিয়র সহকর্মী যারা মাঠে কাজ করছেন, সবারই এক মতামত। প্রায় প্রতিদিনই আমাদের টেবিলে এমন রোগী আসছে। মায়েরা এসে কাঁদছেন। কিছুদিন আগেই এক মা তাঁর সন্তানকে নিয়ে এসেছিলেন। মা বলছিলেন, তাঁর এত সুন্দর শান্ত ছেলেটি কেমন যেন হয়ে গেছে । চোখ দুটো কোটরে বসে গেছে, চেহারা মলিন, রাতে একদম ঘুমায় না, পড়াশোনায় মনোযোগ নেই এবং স্কুলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এগুলো সবই ভ্যাপিং বা মাদকের সরাসরি কুফল।এই ভ্যাপিং আসলে তরুণদের ধীরে ধীরে এক অদৃশ্য মাদকের জালে আটকে ফেলছে। সুতরাং এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।’