‘কখনোই মাদক গ্রহণের বিষয়টি গোপন রাখার দরকার নেই’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৭ এপ্রিল ২০১৪ তারিখে  প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১৬৪।

প্রশ্ন:  আমার বয়স ২৮ বছর। প্রায় ১১ বছর যাবৎ ফেনসিডিল নিচ্ছি। এখন এ নেশা থেকে মুক্ত থাকতে চাই। এ বিষয়ে আপনাদের পরামর্শ চাই।

উত্তর: ইচ্ছে করলে যেকোনো নেশা থেকেই মুক্ত থাকা যায়। নেশা ছাড়া এমন কঠিন কিছু নয় যে একদমই ছাড়া  যায় না। সবচেয়ে বেশি ভালো হয় রোগীরা যদি নিজ থেকে নেশা ছাড়ার কথা বলে। কেউ যদি নিজ থেকে নেশা ছাড়তে চায়, তার জন্য কাজটি অনেক সহজ হয়। আপনি অবশ্যই ফেনসিডিল ছাড়তে পারবেন। কারণ, আপনার ইতিবাচক দিক রয়েছে। আপনি নিজেই ফেনসিডিল ছাড়তে চাইছেন। কখনোই মাদক গ্রহণের বিষয়টি গোপন রাখার দরকার নেই। আপনার স্ত্রীসহ পরিবারের সবাইকে জানান। তাদের সহযোগিতা চান। মাদক ছাড়তে চেষ্টা করেও অনেকে ছাড়তে পারে না। আপনিও কয়েকবার চেষ্টা করেছেন পারেননি। এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই।  কারণ, নেশা ছেড়ে দিলে কিছু মানসিক ও শারীরিক সমস্যা হয়। যে কারণে রোগীরা আবার নেশা করতে বাধ্য হয়।  মাদকমুক্ত থাকার কিছু শর্ত আছে। যেমন: যে স্থানে মাদক গ্রহণ করা হয়, সেখানে গেলে, মাদক গ্রহণকারী বন্ধুদের দেখলে, যে সময় মাদক নেওয়া হতো, সে সময় এলে মাদকের প্রতি প্রচণ্ড আকর্ষণ বেড়ে যায়। ফলে এসব থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে।