কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালা শেষে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা। আজ ২ ডিসেম্বর ২০২৩ তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।

মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশাল। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়ে বেলা ২টা পর্যন্ত চলে।

 কর্মশালার আয়োজক ছিল প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদ। আয়োজনে সহযোগিতা করেছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্ট।

মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার অতিথি ঢাকা সিটি হাসপাতালের সাইকোথেরাপিস্ট কনসালটেন্ট মাহমুদা মহসিনা বুশরা ও প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানকে গাছের চারা উপহার দেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা।

কর্মশালায় স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার সভাপতি বলেন, প্রথম আলো বন্ধুসভা সব সময় দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বছর ব্যাপী সৃজনশীল ও সময় উপযোগী কাজের মাধ্যমে মুখরিত থাকে। তারই ধারাবাহিকতায় মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও এর উন্নয়ন কল্পে আজকের এই সেশনের আয়োজন করে। আমি প্রত্যাশা করি আমাদের মনের যত্ন ও স্বাস্থ্য সুরক্ষায় বন্ধুসভার এহেন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানসিক স্বাস্থ্য ও মনের যত্ন নিয়ে আলোচনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সজীব আবেদীন। তিনি মাদক ও ইন্টারনেট আসক্তির মতো বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন মাদকাসক্তির মতো যন্ত্রের ব্যবহারও মানুষের আসক্তিতে পরিণত হয়েছে। মানসিক স্বাস্থ্যসেবা বিদ্যমান জনসংখ্যার তুলনায় অপ্রতুল। এই খাতে সরকারি বাজেট এখন সময়ের দাবি।

মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করেন ঢাকা সিটি হাসপাতালের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা। তিনি শিক্ষার্থীদের বর্তমান সময়ের মানসিক রোগ নিরাময়ে, মানসিক স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে একজন মানুষ হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে কী কী পদক্ষেপ গ্রহণ করে চলা উচিত তা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে চলমান বিভিন্ন প্রকার মানসিক সমস্যার কারণ ও তার প্রতিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন।

এ ছাড়া প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা তার বক্তব্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় দৈনন্দিন জীবনে ‘না’ বলতে শেখা, মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকতে উপস্থিত সকলকেই শপথ করান।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, নিজেকে এবং পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখতে মানুষকে মূল্যায়ন করতে জানতে হবে। তিনি প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের কর্মশালা মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিস্তৃতি লাভ ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।

কর্মশালার শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক তকিব হাসান এ আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন। কর্মশালাটি সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সদস্য তাসনিয়া হাসান ইভা।