মাদকবিরোধী পরমর্শ সভা
‘কেবল সচেতনতাই পারে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ নিশ্চিত করতে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় ২০২৩ সালের ০৯ মে ময়মনসিংহ নগরের রয়েল মিডিয়া কলেজ মিলনায়তনে মাদকবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপরিচালক মো. খোরশেদ আলম ও পরিদর্শক মো. কবীরুল হাসান। উক্ত সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
মাদকবিরোধী পরামর্শ সভায় মাদকের মরণছোবল থেকে রক্ষা পেতে তরুণ প্রজন্মকে আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. কবীরুল হাসান। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমরা এখন কেউ মাদক সেবন কর না। এটি জেনেও আমরা তোমাদের কাছে এসেছি। কারণ, তোমাদের সামনে হাতছানি রয়েছে, যাতে তোমরা কোনো হাতছানিতে পড়ে মাদকের দিকে ধাবিত না হও। মাদকাসক্ত হওয়ার আগে থেকেই সচেতন হওয়া গেলে তোমরা অনেক নিরাপদ থাকবে মাদক থেকে। মাদকাসক্তি শুরু হওয়ার পর তা থেকে ফিরে আসা অত্যন্ত কঠিন। তাই কৌতূহল বা কারো প্ররোচনায় পড়ে জীবনের প্রথম ভুলটি যেন কেউ না কর, সে বিষয়ে তোমাদের সব সময় সজাগ থাকতে হবে।’