মাদকাসক্তির মতোই ভয়াবহ ইন্টারনেট আসক্তি, উত্তরণের উপায় কী
প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী কার্যক্রমের মধ্যে অন্যতম হলো মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় ২০২৩ সালের ২১ জানুয়ারি মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা। উক্ত সভার আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
পরামর্শ সভায় অংশ নিয়ে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের আবাসিক মনোবিদ (রেসিডেন্ট সাইক্রিয়াট্রিস্ট) ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে মাদকের মতোই ভয়াবহ রূপ নিয়েছে ইন্টারনেট আসক্তি। যদি কেউ দিনের ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাই ইন্টারনেটে ডুবে থাকেন, তবে বুঝতে হবে তিনি ইন্টারনেট আসক্তিতে আক্রান্ত। এই আসক্তির ফলাফল মাদকাসক্তির মতো ভয়াবহ হতে পারে। এর থেকে মুক্তি পেতে হলে সবার আগে আমাদের সচেতন হতে হবে। জানতে হবে এর নেতিবাচক ও ক্ষতিকর দিকগুলো সম্পর্কে।’
ইন্টারনেটের নেশা থেকে বেরিয়ে আসার উপায় হিসেবে তিনি শারীরিক পরিশ্রম ও খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, ‘শরীর ও মনকে সুস্থ রাখতে এবং এই ডিজিটাল আসক্তি কমাতে সব থেকে ভালো মাধ্যম হলো প্রতিদিন অন্তত এক থেকে দুই ঘণ্টা নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়া। শারীরিক কার্যক্রম বৃদ্ধি পেলে ইন্টারনেটের প্রতি নির্ভরতা অনেকাংশেই কমে আসে।’