স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জন

প্রথম আলো কার্যালয়ে ১০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ' স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ২০২৬’- এর সেরা ৬০ জন বিজয়ী নির্বাচনের বিচার কাজ।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত ‘স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ২০২৬’- এর বিচার কাজ সম্পন্ন হয়েছে। তরুণ প্রজন্মের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি এবং তাদের ভেতরের সৃজনশীল মেধার বিকাশে বিশেষ এই উদ্যোগ নিয়েছিল প্রথম আলো ট্রাস্ট। বিচারকদের মধ্যে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, আর্টিস্ট আনিসুজ্জামান সোহেল, ফারেহা জেবা, ও প্রথম আলোর প্রধান শিল্প উপদেষ্টা অশোক কর্মকার। ১৮ আগস্ট বেলা ৩টায় প্রথম আলোর প্রধান কার্যালয়ে এই বিচার কাজ সম্পন্ন হয়। পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতা ১৯ জুন থেকে শুরু হয়ে শেষ হয়েছে ১০ আগস্ট।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ২০২৬-এ সারা দেশ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। গত ১৯ জুন থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী তিনটি বিভাগে তাদের সৃজনশীল ডিজাইন জমা দিয়েছে। প্রতিটি বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ আরও সাতজনকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ, তিনটি বিভাগে ১০জন করে মোট ৬০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হবে।

বিচারকার্য পরিচালনা করেন (বাঁ থেকে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, প্রথম আলোর প্রধান শিল্প উপদেষ্টা অশোক কর্মকার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, আর্টিস্ট আনিসুজ্জামান সোহেল ও ফারেহা জেবা।

প্রতিযোগিতার ঘোষণা দেওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা যে উৎসাহ ও ভালোবাসা নিয়ে অংশ নিয়েছে। যাঁরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিজাইন পাঠিয়ে এই সম্মান অর্জন করেছে, তারা ঢাকায় এসে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করবে। আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার বিকেল ৪টায় ডা. তৌফিক সিরাজ লাউঞ্জ , শেল্টেক টাওয়ার, ৬০ শেখ রাসেল স্কয়ার (নতুন), ৫৫ লেকসার্কাস কলাবাগান (পুরাতন), ঢাকা-১২০৫ এই ঠিকানায় অনুষ্ঠান হবে।

বিচারকেরা চুলচেরা বিশ্লেষনের মাধ্যমে নির্বাচন করেন সেরা ৬০ জন বিজয়ী।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কো-অর্ডিনেশন ডিরেক্টর অব জয়েন্ট ভেঞ্চারস অ্যান্ড নন-এক্সিকিউটিভ ডিরেক্টর রূপালী চৌধুরী, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, ইস্পাহানী গ্রুপের ডিরেক্টর জাহিদা ইস্পাহানী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, কথাসাহিত্যিক আনিসুল হকসহ দেশের বরেণ্য ব্যক্তিরা। প্রায় ২ হাজার ৫০০ প্রতিযোগীর মধ্য থেকে যাঁরা সেরা ৬০ জন নির্বাচিত হয়েছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি বিশেষ অর্জন। বিজয়ীদের নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত হলে সেদিনই জানতে পারবেন কে কোন পুরস্কার অর্জন করেছে এবং কার হাতে উঠছে কোন সম্মাননা।