প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ১৬ মার্চ ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৬তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান পরামর্শ প্রদান করেন। এইবারের বিষয়টি ছিল —' মনের জট খুলুন, মানসিক চাপ কমানোর কৌশল।' সেখান থেকে একটি পরামর্শ তুলে ধরা হল।
একাকীত্ব থেকে মাদক বা ডিভাইসে আসক্তি তৈরি হতে পারে। এখান থেকে বেরিয়ে আসার উপায় কী? এ প্রশ্নের উত্তরে ডা.ফারজানা রহমান বলেন, ' প্রথমত নিজের ইচ্ছা বা মোটিভেশন খুব জরুরি। বিজ্ঞান এখন বলে 'আমি আমি' তত্ত্ব থেকে বের হয়ে অন্যকে সাহায্য করার মানসিকতা আমাদের ভালো রাখতে সাহায্য করে। নিজেকে সুন্দরভাবে প্রকাশ করা এবং ইতিবাচক মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রয়োজন।
তবে মনে রাখতে হবে, ভালোবাসার মানে এই নয় যে সব অন্যায় ক্ষমা করে দিতে হবে। সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা থাকতে হবে। যদি কারো আচরণে হৃদয় ক্ষতবিক্ষত হয়, তবে সেখান থেকে নিজেকে সরিয়ে আনার মানসিকতাও রাখতে হবে। পুরোটাই নিজের মানসিক প্রশান্তির জন্য।