প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ২৮ এপ্রিল প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। তিনি সহনশীল প্যারেন্টিং কী ও কেমন? এই বিষয়ের উপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সন্তানের আচরণগত ও মানসিক পরিবর্তন এবং এ বিষয়ে অভিভাবকদের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ডা. ফারজানা রহমান। তিনি বলেন, ‘সন্তানের বন্ধু তালিকায় হঠাৎ বদল, স্কুল-কলেজ থেকে নালিশ আসা, দৈনিক রুটিনের পরিবর্তন কিংবা নিজেকে গুটিয়ে রাখার মতো লক্ষণ দেখলে বাবা-মাকে অবিলম্বে সচেতন হতে হবে। বিশেষ করে সন্তান যদি হতাশাগ্রস্ত হয়ে ‘বেঁচে থেকে লাভ নেই’—জাতীয় আত্মহননমূলক কথা বলে, তবে বিষয়টিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।’
তিনি জোর দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে দেরি না করে অতিসত্ত্বর সন্তানকে নিয়ে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।