প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ১৬২তম পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞগণ। উক্ত সভায় আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
উক্ত সভায় উপস্থিত ২০ বছর বয়সী এক তরুণ জানান, তিনি মাদক ছাড়ার চেষ্টা করছেন। কিন্তু একটি অদ্ভুত সমস্যা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে—তিনি একনাগাড়ে কোনো বিষয় নিয়ে একা একাই কথা বলতে থাকেন।
এই সমস্যার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান বলেন, ‘মাদকের প্রভাবে মানুষের মস্তিষ্কে বারবার একই চিন্তা ফিরে আসে। একে অবসেসিভ থট বলা যেতে পারে। এই চিন্তার কারণেই অনেকে একনাগাড়ে কথা বলতে থাকেন। এটি মূলত মাদকাসক্তির ফলে ব্যক্তিত্ব ও আচরণের একটি নেতিবাচক পরিবর্তন। এর সমাধান পেতে হলে মাদক থেকে বের হয়ে সুস্থ জীবনযাপন করতে হবে। এর বিকল্প নেই।’