প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে কী করবেন?’—এ বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় ডা. ফারজানা রহমান বলেন, ‘নিজেদের ইচ্ছা পূরণের সিঁড়ি হিসেবে সন্তানকে ব্যবহার করা ঠিক নয়। ছোটবেলা থেকেই পোশাক বা পড়াশোনার মতো ছোটখাটো বিষয়ে সন্তানদের নিজেদের সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত। তাদের সিদ্ধান্তকে মূল্যায়ন করলে সন্তানদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, যা পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করবে।’
ডা. ফারজানা আরও মনে করিয়ে দেন, প্রতিটি শিশুর মধ্যেই কোনো না কোনো সুপ্ত প্রতিভা থাকে। তাই প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি গান, খেলাধুলা বা গণিতের মতো যার যে বিষয়ে আগ্রহ, তাকে সেই পছন্দের বিষয়টি শিখতে সাহায্য করা উচিত।