বাস্তবতা ভুলে বিচ্ছিন্ন হচ্ছে তরুণেরা, বাড়ছে পারিবারিক দূরত্ব

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী কার্যক্রমের মধ্যে অন্যতম হলো মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় ২০২৩ সালের ২১ জানুয়ারি মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা। উক্ত সভার আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

ইন্টারনেটের সহজলভ্যতা বর্তমান প্রজন্মের জন্য আশীর্বাদ হওয়ার কথা থাকলেও তা এখন আশঙ্কাজনক আসক্তিতে রূপ নিয়েছে। অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ফলে তরুণেরা বাস্তব জগত থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে পর্যবেক্ষণ জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

পরামর্শ সভায় তিনি বলেন, ‘ইন্টারনেটে যুক্ত হওয়া এখন আগের চেয়ে অনেক সহজ। কিন্তু এই সহজলভ্যতার নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের সামাজিক ও পেশাগত জীবনে। ইন্টারনেট আসক্তির কারণে অনেক তরুণ যেমন তাদের পড়াশোনা ও কাজে মনোযোগ হারাচ্ছে, তেমনি মানসিকভাবেও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এর থেকে উত্তরণের জন্য প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। বিশেষ করে সন্তানদের ওপর ইন্টারনেটের নেতিবাচক প্রভাব রোধ করতে মা-বাবাকে সবার আগে সচেতন হতে হবে এবং সন্তানদের গুণগত সময় দিতে হবে।’