প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২২ সালের ২৯ অক্টোবর অনলাইনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. জিল্লুর রহমান খান। তিনি ‘‘ধূমপান ছাড়ার কৌশল’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
নিজেকে কিসের মধ্যে ব্যস্ত রাখলে ধূমপানে পুনরাসক্তি কম হবে? এর উত্তরে ডা. মো. জিল্লুর রহমান খান বলেন, ‘ধূমপান ছেড়ে দিলে প্রতাহারজনিত সমস্যা হয়। ধূমপান ছেড়ে দিয়ে শুধু বসে থাকা নয়। বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হবেন। এ জন্য মোটিভেশনাল কাউন্সেলিং দরকার। কারও কারও সাইকোথেরাপির প্রয়োজন হতে পারে। দিনের রুটিন ফলো করতে হবে। আরেকটা বিষয়ে হলো, আগে থেকে নিজেকে প্রস্তুত রাখতে হবে। কারণ অনেক সময় অস্থিরতা দেখা দিতে পারে। সামান্য সমস্যা বা অস্থিরতায় বিষন্নতা নয়। এগুলো দূর করতে যেটা করতে পারেন তাহলো, বেড়াতে যেতে পারেন। বাচ্চাদের সময় দিতে পারেন। বই পড়তে পারেন। এই ধরনের কমর্সূচির মধ্যে থাকলে সহজেই ধূমপান ছাড়া ও পুনরাসক্তি দূর করা সহজ হয়।’