‘ইয়াবা খেলে স্লিম হওয়া যায়, এটা একধরনের ব্যবসায়ী কৌশল’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। ২০১৪ সালের ১৭ এপ্রিল, ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার ৪৯তম সভায় মনোরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত অতিথিদের মাদক সংক্রান্ত নানা বিষয়ে পরামর্শ এবং দর্শকদের প্রশ্নের উত্তর দেন। উক্ত সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণ করে লিখেছেন আশফাকুজ্জামান। আজকে থাকছে পর্ব-৮৬।

প্রশ্ন: অনেকে মনে করেন, ইয়াবা খেলে স্লিম হওয়া যায়। শারীরিক শক্তি বাড়ে ইত্যাদি। এ ধারণা কি ঠিক?

উত্তর: এ ধারণা মোটেই ঠিক নয়। ইয়াবা সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা আছে। অনেকে মনে করেন, ইয়াবা খেলে স্লিম হওয়া যায়, যৌনশক্তি বাড়ে, কাজে আনন্দ পাওয়া যায় ইত্যাদি। ইয়াবা চোরাচালানিরা এ ধারণাটি মানুষের মধ্যে প্রচার করেছে। এটা একধরনের ব্যবসায়ী কৌশল। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইয়াবাতে মানুষের মাংসপেশি শুকিয়ে যায়। এতে তারা মনে করে শুকিয়ে যাচ্ছে, স্লিম হচ্ছে। এভাবে শুকাতে শুকাতে একসময় সম্পূর্ণ জীবনীশক্তি হারিয়ে ফেলবে। যৌনশক্তি তো থাকবেই না। দীর্ঘদিন ইয়াবা নিলে শেষ পর্যন্ত মৃত্যুও হতে পারে। ইয়াবায় আরও বিভিন্নপ্রকার ক্ষতি রয়েছে। অতএব, স্লিম হওয়া ও শারীরিক শক্তি বৃদ্ধির ধারণা একেবারেই মিথ্যা।