মনের ভেতর জমতে থাকা নানা জটিলতা দিনশেষে প্রচণ্ড চাপের সৃষ্টি করে

পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। তিনি ‘মনের জট খুলুল: মানসিক চাপ কমানোর কৌশল’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

বর্তমান ব্যস্ত জীবনে মানসিক চাপ বা 'মেন্টাল স্ট্রেস' আমাদের নিত্যসঙ্গী। মনের ভেতর জমতে থাকা নানা জটিলতা দিনশেষে প্রচণ্ড চাপের সৃষ্টি করে, যা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। এ ক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান জানান, ‘ঘরোয়া কিছু সহজ অভ্যাসের মাধ্যমেই এই প্রাথমিক চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। মানসিক চাপ অনুভূত হলে তাৎক্ষণিকভাবে ইতিবাচক কোনো স্মৃতি মনে করার চেষ্টা করতে হবে। প্রিয়জনের সান্নিধ্য, বিশেষ করে শিশুদের সাথে সময় কাটানো মনকে দ্রুত শান্ত করে। এছাড়া ডায়েরি লেখা বা নিজের অনুভূতিগুলো কাগজে কলমে প্রকাশ করা একটি কার্যকর থেরাপি হতে পারে।’ দীর্ঘমেয়াদী মানসিক অস্থিরতা এড়াতে প্রতিদিনের রুটিনে এসব ছোট ছোট পরিবর্তন আনার পরামর্শ দেন তিনি।