‘শিক্ষার্থী বা তরুণদের সঙ্গে কৌশলে আচরণ করতে হবে’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত ১৬২তম পরামর্শ সভায় জাতীয় নানা প্রশ্নের উত্তর দেন মনোরোগ বিশেষজ্ঞগণ।

মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় বাঁ থেকে রাহেনুল ইসলাম, ফারজানা রহমান, জিল্লুর রহমান খান, মেখলা সরকার, সরদার আতিক, ফাতিমা মারিয়া খান। গতকাল ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।
ছবি: প্রথম আলো

মাদকবিরোধী পরামর্শ সভায় এক শিক্ষক জানতে এসেছিলেন কীভাবে তিনি শিক্ষার্থীদের মাদকের পথ থেকে ফিরিয়ে আনতে পারবেন।

ওই শিক্ষকের উদ্দেশে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার বলেন, ‘তরুণদের মধ্যে কৌতূহল অনেক বেশি থাকে। তাঁরা অনেক কিছুই ঘাঁটাঘাঁটি করেন কোনো প্রভাব বিবেচনা না করেই। এর জন্য পারিপার্শ্বিক অবস্থাও দায়ী। তাই স্কুলশিক্ষার্থী বা তরুণদের সঙ্গে কৌশলে আচরণ করতে হবে। শিক্ষকের কাছে তরুণেরা যেন আস্থা পান, গ্রহণযোগ্যতা পান, তেমন পরিবেশ তৈরি করতে হবে। প্রথমেই নেতিবাচক কথা বলা যাবে না বা মাদক খারাপ, তা সরাসরি বলা যাবে না। ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে মাদকের প্রভাব নিয়ে কথা বলতে হবে।’