ইন্টারনেটে আসক্তি বাস্তবতা ভুলিয়ে দেয়

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় (বাঁ থেকে) ডা. রাহেনুল ইসলাম, ডা. ফারজানা রহমান ও ডা. সরদার আতিক।

বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনেছে ইন্টারনেট। কিন্তু তীব্র ইন্টারনেট-আসক্তির কারণে আমরা কী ভয়াবহ আচরণগত ও মানসিক সমস্যায় ভুগছি? গত ২১ জানুয়ারি ২০২৩, প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রম মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় এসব প্রশ্ন উঠে আসে। বিজ্ঞ আলোচকেরা এসব প্রশ্নের উত্তর দেন।

ইন্টারনেটে আসক্ত হওয়ার কারণে তরুণেরা বাস্তবতা ভুলে যাচ্ছে— এমন পর্যবেক্ষণ তুলে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক বলেন, ইন্টারনেটে যুক্ত হওয়াটা বর্তমানে খুব সহজ। ইন্টারনেট আসক্তির কারণে, মা–বাবাও তাঁদের সন্তানদের সময় কম দিচ্ছেন। এ ক্ষেত্রে উচিত সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়া। বই পড়া খেলাধুলা অন্যান্য সামাজিক নানা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে পারেন। এসব ভালো কাজের সাথে যুক্ত থাকলে ইন্টারনেট আসক্তি কমে আসবে ।