‘আত্মহত্যা হচ্ছে রোগের পরিণতি’

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় (বাঁ থেকে) ডা. ফারজানা রহমান, ডা. মোহিত কামাল, ডা. সরদার আতিক ও ডা. রাহেনুল ইসলাম। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।

শনিবার প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রম মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা গত ২০ মে ২০২৩ ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্ট আয়োজিত ১৬৮তম সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নে উত্তর দেন বিজ্ঞ আলোচকেরা।

পরামর্শ সভায় অংশ নিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, ‘আত্মহত্যা কোনো রোগ নয়। তবে আত্মহত্যা হচ্ছে রোগের পরিণতি। চূড়ান্তভাবে বিষণ্নতায় ভোগা মানুষ আত্মহত্যার পথে পা বাড়ান। আবার কেউ কেউ তীব্র কষ্ট পান, যে কষ্ট কোনোভাবেই সামলে উঠতে পারছেন না। ফলে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার সিদ্ধান্ত নেন।কারও মধ্যে যদি আত্মহত্যার প্রবণতা দেখা দেয়, তাহলে দ্রুত তাঁদের চিকিৎসার আওতায় আনা উচিত।’