মানববন্ধন
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
বন্ধুসভার সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী কার্যক্রমের আওতায় শুক্রবার ৬৪ জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।
মাদক জাতিকে মেধাশূন্য করে। সমাজ ও দেশকে বাঁচাতে মাদককে প্রতিরোধ করতে হবে। মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের সহজলভ্যতা ঠেকাতে হবে। মাদক নির্মূলে দলমত-নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে। নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে হবে।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে গত শুক্রবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। বন্ধুসভার সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী কার্যক্রমের আওতায় শুক্রবার বিকেল পাঁচটায় ৬৪টি জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।
বগুড়া
বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় মাদকবিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়। বগুড়া বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক আল গালিব খাঁনের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার সহসভাপতি দেলোয়ার হোসেন। এতে অন্যান্যের মধ্যে বগুড়া থিয়েটারের দপ্তর সম্পাদক নাট্যকর্মী অলক পালক, ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’ বগুড়ার সাধারণ সম্পাদক মাহবুব হাসান, সংগীতশিল্পী সোবহানী বাপ্পী, আস্থা মাদকাসক্ত নিরাময়কেন্দ্রের পরামর্শক নয়ন হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সদস্য ফারহানা আকতার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য লিয়াকত আলী, বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহির ফয়সাল, মলি আকতার, মিনহাজুল ইসলাম, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি তুষার সরকার প্রমুখ বক্তব্য দেন।
রংপুর
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস রংপুর নগরের নগরের কাছারি বাজার এলাকায় মানববন্ধন করেছে বন্ধুসভা। এতে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। রংপুর বন্ধুসভার সভাপতি সোহেলী চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি খন্দকার ফখরুল আনাম, রংপুর বন্ধুসভার উপদেষ্টা জহির রায়হান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
নাটোর
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নাটোর শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেল পাঁচটা বাজার এক মিনিট আগেই হাতে হাত রেখে দাঁড়িয়ে যান বন্ধুসভার সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই তাঁদের সঙ্গে হাত মেলান নানা শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন রাজশাহী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক অধ্যাপক ও নাট্যকার অলোক কুমার মৈত্র, দীঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।
গাইবান্ধা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন করেছে বন্ধুসভা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিরতি রঞ্জন সরকার, কলেজশিক্ষক সাখাৎয়াত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব শফিকুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন, গাইবান্ধা বন্ধুসভার সাধারণ সম্পাদক নিফাউল ইসলাম প্রমুখ।
নীলফামারী
নীলফামারী প্রেসক্লাবের সামনে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি বানুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম, সাবেক সভাপতি তাহমিন হক, নীলফামারী টাউন ক্লাবের সদস্যসচিব মো. জুলফিকার আলী, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, কালীতলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুধীর রায়, নীলফামারী সাহিত্য ও সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিনা সাথী, নীলকণ্ঠ আবৃতি পরিষদের সভাপতি আব্দুল বারী, তারুণ্যের আলো সেবা সংঘের পরিচালক মো. রাশেদুজ্জামান প্রমুখ।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]