প্রশ্ন ও উত্তর পর্ব-৮৫
‘অল্প সময়ের মধ্যেই মানসিক বৈকল্য দেখা দেয়’
প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। ২০১৪ সালের ১৭ এপ্রিল, ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার ৪৯তম সভায় মনোরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত অতিথিদের মাদক সংক্রান্ত নানা বিষয়ে পরামর্শ এবং দর্শকদের প্রশ্নের উত্তর দেন। উক্ত সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণ করে লিখেছেন আশফাকুজ্জামান। আজকে থাকছে পর্ব-৮৫।
প্রশ্ন: আমার বয়স ২৪ বছর। কিছুদিন যাবৎ ইয়াবা নিচ্ছি। আমি ভালো হতে চাই। কিন্তু পরিবারকে জানাতে চাই না। কী করতে পারি?
উত্তর: মানুষ বিভিন্ন কারণে ইয়াবা নেয়। যেমন: কৌতূহল, বন্ধুদের চাপ ও কিছু ভুল ধারণা থেকে ইয়াবায় আসক্ত হয়। কারণ যা-ই হোক না, ইয়াবা অত্যন্ত ক্ষতিকর একটি মাদক। খেলে প্রচণ্ড বিষণ্নতা তৈরি হয়। অল্প সময়ের মধ্যেই মানসিক বৈকল্য দেখা দেয়। মেজাজ খিটখিটে হয়। কোনো কাজের আগ্রহ থাকে না। কাজ করার শক্তিও থাকে না। ধীরে ধীরে যৌনশক্তি হারিয়ে ফেলে। শরীর দুর্বল হতে হতে মারাত্মক আকার ধারণ করে। ইয়াবাসহ যেকোনো মাদক হোক না কেন, গোপন রাখার কিছু নেই। যেকোনো অসুস্থার ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিতে হয়। মনে করতে হবে এটি অন্য অসুখের মতো, এটিও একটি রোগ। পরিবারের সবাইকে জানাতে হবে। কারণ, ইয়াবাসেবী একটি ফাঁদে পড়ে গেছে। তাকে এ ফাঁদ থেকে তুলতে হবে। গোপন করলে সবার জন্য ক্ষতিকর। আপনি পরিবারকে জানান এবং পরামর্শ করে দ্রুত কোনো চিকিৎসকের কাছে আসুন। জাতীয় মানসিক স্বাস্থ্যকেন্দ্রেও আসতে পারেন। এখানে বহির্বিভাগ থেকে ১০ টাকার টিকিট করে শরীরের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এবং চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা করলে দ্রুত সেরে উঠতে পারবেন।