‘চলাফেরার ক্ষেত্রে অবশ্যই ভালো বন্ধু নির্বাচন করতে হবে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান আর কে এস রয়েল ও চিকিৎসা কর্মকর্তা রেজওয়ানা হাবীবা এবং নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান মো. আব্দুল্লাহ ছায়ীদ।
সিলেটে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন করতে ‘মাদকবিরোধী পরামর্শ’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
সভায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, ‘শুরুতে কৌতূহল থেকে অনেকে মাদকে আসক্ত হন। অনেকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে মাদক নিতে শুরু করেন। এটা ঠিক নয়। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, প্রতিবন্ধকতা থাকবেই। এগুলো স্বাভাবিক ঘটনা। তাই বলে দুঃখকে ভোলার জন্য মাদক নিতে হবে, এর কোনো যৌক্তিকতা নেই। জীবন আনন্দময় রাখতে মাদক থেকে দূরে থাকা উচিত।’
সংক্ষিপ্ত উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদুল্লাহ তালুকদার বলেন, মানসিক শক্তি বা মনোবল অর্জন করতে পারলেই মাদক ছাড়া সম্ভব। একবার মাদকাসক্ত হলে তা থেকে বেরিয়ে আসা একটু কঠিন। তাই চলাফেরার ক্ষেত্রে অবশ্যই ভালো বন্ধু নির্বাচন করতে হবে।