সন্তানের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিলে তৈরি হতে পারে মানসিক চাপ ও হতাশা

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান পরামর্শ প্রদান করেন।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে কী করবেন?’—এ বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

অনেক ক্ষেত্রেই মা-বাবা তাঁদের নিজেদের পছন্দ-অপছন্দ অবলীলায় সন্তানের ওপর চাপিয়ে দেন, যা সন্তানের মানসিক বিকাশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে বলে মন্তব্য করেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান।

তিনি জানান, ‘কোনো কিছু চাপিয়ে দিলে সন্তানের মধ্যে হতাশা, দুশ্চিন্তা ও তীব্র মানসিক চাপ তৈরি হতে পারে। এর ফলে সন্তান আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং ভবিষ্যতে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সুতরাং সন্তানের ওপর কোনো কিছু চাপিয়ে দেবেন না। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে যোগাযোগ বাড়াতে হবে।’