ভালো কাজের সঙ্গে যুক্ত থাকলে পুনরাসক্তি কমে
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ অক্টোবর ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ‘ধূমপান ছাড়ার কৌশল’ শিরোনামে এ সভায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. জিল্লুর রহমান খান নানা প্রশ্নের উত্তর দেন।
অনলাইন এই অনুষ্ঠানে একজন জানতে চান, নিজেকে কিসের মধ্যে ব্যস্ত রাখলে ধূমপানে পুনরাসক্তি কম হবে? এর উত্তরে ডা. মো. জিল্লুর রহমান খান বলেন, ‘ধূমপান ছেড়ে দিলে প্রতাহারজনিত সমস্যা হয়। ধূমপান ছেড়ে দিয়ে শুধু বসে থাকা নয়। বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হবেন। এ জন্য মোটিভেশনাল কাউন্সেলিং দরকার। কারও কারও সাইকোথেরাপির প্রয়োজন হতে পারে। দিনের রুটিন ফলো করতে হবে।’
তিনি আরও বলেন, ‘পুনরাসক্তি কমাতে আগে থেকে প্রস্তুত থাকতে হবে। অস্থিরতা দেখা দিতে পারে। সামান্য সমস্যায় অস্থিরতা বা বিষন্নতা নয়। ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, বেড়াতে যেতে পারেন। বই পড়তে পারেন, বাচ্চাদের সময় দিতে পারেন। এই ধরনের কমর্সূচির মধ্যে থাকলে ধূমপানের আসক্তি কম হয়। যারা বেশি পরিমাণে ধূমপান করেন তাদের প্রত্যাহারজনিত সমস্যা হতে পারে। মানসিক সমস্যা দেখা দিতে পারে। অস্থিরতা দেখা দিতে পারে, ঘুমের সমস্যা হতে পারে। মানসিকভাবে ক্লান্ত হতে পারে। আস্তে আস্তে ধূমপান ছাড়তে হবে। ধীরে ধীরে সংখ্যার পরিমাণ কমাতে হবে। মোটিভেশন কাউনসিলিং সাইকোথেরাপি দরকার।’