‘আত্মহত্যা কোনো রোগ নয়, রোগের পরিণতি’

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৩ সালে ২০ মে (শনিবার) প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্ট আয়োজিত ১৬৮তম এ সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নে উত্তর দেন বিজ্ঞ আলোচকেরা।

সভায় মনোরোগ বিশেষজ্ঞ ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল বলেছেন, ‘আত্মহত্যা কোনো স্বাধীন রোগ নয়, বরং এটি বিভিন্ন মানসিক রোগের একটি চরম পরিণতি। তিনি জানান, পরিকল্পিতভাবেই প্রায় ৯০ শতাংশ আত্মহত্যার ঘটনা সংঘটিত হয়। চূড়ান্তভাবে বিষণ্নতায় ভোগা মানুষই অধিকাংশ ক্ষেত্রে আত্মহত্যার পথ বেছে নেন।’

তাঁর মতে, আত্মহত্যার এই প্রবণতা রোধে বিষণ্নতা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা অপরিহার্য। হুট করে নেওয়া সিদ্ধান্ত বা দীর্ঘদিনের পরিকল্পনা—উভয় ক্ষেত্রেই ব্যক্তির পাশে দাঁড়ানো এবং তাকে মানসিক সাহস দেওয়া জীবন বাঁচাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।