মাদককে ‘না’ বলার জন্য আত্মবিশ্বাসী হতে হবে
সাবেক পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটপ্রতিরোধের প্রথম শর্ত হলো নতুন করে যেন কেউ মাদক না নেয়। মাদককে ‘না’ বলতে হবে। না বলার শিক্ষা গ্রহণ করতে হবে। ‘না’ বলার জন্য আত্মবিশ্বাসী হতে হবে। ‘না’ বলার শক্তি অর্জন করতে হলে নিজের দক্ষতাকে শাণিত করতে হবে। ‘না’ বলতে হলে অশুভ সঙ্গী ও অশুভ পরিবেশ থেকে দূরে থাকতে হবে। ভালো বন্ধু সার্কেল গড়ে তুলতে হবে। নিজের যোগ্যতা অনুযায়ী ভালো ভালো কাজ করতে হবে; নিজের মেধা নিজের উন্নয়নে ব্যয় করতে হবে। তাহলে সমাজের উন্নয়ন ঘটবে, দেশের উন্নয়ন ঘটবে।
পারিবারিক ও নৈতিক মূল্যবোধের মধ্য দিয়ে কাদামাটির বয়স থেকে শিশু লালন-পালনের সময় সন্তানের মনোজগতে এমন বৈশিষ্ট্যের বীজ রোপণ করতে হবে, যেন সে বড় হয়ে আত্মবিশ্বাসী-আত্মপ্রত্যয়ী-আত্মমর্যাদাশীল হয়। বিষয়টি খেয়াল রাখতে হবে মা–বাবাকে। আর এ জীবনচর্চায় প্রধান রসায়ন হচ্ছে শিশুর বয়সের স্তরে নেমে শিশুকে বোঝা। তার ভালো কাজের প্রশংসা করা। তার সঙ্গে সৎ থাকা। আনন্দময় পরিবেশে খেলাধুলার নিশ্চয়তার ব্যবস্থা করা। তার নিরাপত্তাবোধ সুরক্ষা করা, ভুল কাজে তার উদ্দেশে শ্লেষাত্মক শব্দ ব্যবহার না করা। উপযুক্ত সময়ে তা বুঝিয়ে বলা, সংশোধনের উদ্যোগ নেওয়া।
ব্যতিক্রম থাকলেও বলা যায়, আত্মবিশ্বাসী-আত্মপ্রত্যয়ী-আত্মমর্যাদাশীল সন্তানের পক্ষে মাদক থেকে দূরে থাকা সহজ।