‘শিশু ও শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে হবে’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ০৯ আগস্ট ২০২২ তারিখ বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এই সভা ছিল সবার জন্য উন্মুক্ত। বিভিন্ন শ্রেণি–পেশার নারী–পুরুষ এতে উপস্থিত ছিলেন। তাঁরা অতিথিদের কাছে মাদক ও বিভিন্ন আসক্তি সম্পর্কে জানতে চান। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১০৮।

প্রশ্নের উত্তর দিচ্ছেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদোয়ান।

মনোযোগ কীভাবে ধরে রাখব, এমন প্রশ্নের জবাবে ডা. এ এস এম রিদোয়ান বলেন, ‘মনোযোগ নষ্ট হওয়ার কারণ আগে খুঁজে বের করতে হবে। এখন শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। নিয়মিত খাওয়াদাওয়া করছে না। খেলাধুলাতেও অনেকের আগ্রহ নেই। এসব কারণে মনোযোগ কমে যায়। শিশু ও শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে হবে।‘