প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২০ মে ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৮ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল। এইবারের বিষয়টি ছিল — ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' সেখান থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
ইদানীং তরুণদের মাঝে ই-সিগারেট বা ভ্যাপিংয়ের প্রচলন ব্যাপকভাবে বেড়েছে। অনেকে মনে করেন এটি সাধারণ সিগারেটের নিরাপদ বিকল্প। আসলেই কি তাই? এই প্রশ্নের উত্তরে অধ্যাপক ডা.মোহিত কামাল বলেন, ' একদমই নয় । এটি একটি সম্পূর্ণ ভুল এবং ক্ষতিকর ধারণা (Toxic Information) যা সমাজে ছড়ানো হচ্ছে । শুরুতে হয়তো প্রচার করা হয়েছিল যে যারা ধূমপান ছাড়তে চান, তাদের জন্য এটি বিকল্প হতে পারে । কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, মানুষ এটি ছাড়ার বদলে উল্টো 'ডুয়াল এডিকশন' বা দ্বিগুণ আসক্তিতে আক্রান্ত হচ্ছে । এর ভেতরে থাকা নিকোটিন, প্রোপাইলিন গ্লাইকল, ভেজিটেবল গ্লিসারিন ইত্যাদি রাসায়নিক যখন উত্তপ্ত হয়ে বাষ্প বা 'ভেপার' তৈরি করে, তা সরাসরি ফুসফুসে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করে। এছাড়া এর ভেতর নিকেল, সিসা বা ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর কণা পাওয়া গেছে, যা পরবর্তীতে ক্যান্সারের ঝুঁকি তৈরি করে । তাই এটিকে নিরাপদ বলার কোনো সুযোগ নেই।'