সিগারেট ছাড়তে ই-সিগারেট: আসক্তি কমছে নাকি বাড়ছে ঝুঁকি?

সভায় পরামর্শ দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২২ এপ্রিল ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৭তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। এইবারের বিষয়টি ছিল —' ই-সিগারেট জনস্বাস্থ্য ঝুঁকি না বিকল্প? ' উক্ত পরামর্শ সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

ধূমপান ত্যাগ করার মাধ্যম হিসেবে অনেকেই এখন সাধারণ সিগারেটের বিকল্প হিসেবে ই-সিগারেট বা ভেপিং বেছে নিচ্ছেন। তবে এটি আসক্তি কমানোর চেয়ে উল্টো ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসক ডা. সরদার আতিক জানান, অনেকেই ই-সিগারেটকে ধূমপান ছাড়ার সহায়ক হিসেবে ব্যবহার করেন। এর একটি কারণ হলো, সাধারণ সিগারেট একবার ধরালে তা পুরোটা শেষ করতে হয়, কিন্তু ই-সিগারেটে দুই-তিন টান (পাফ) দেওয়ার পর তা বন্ধ করে রাখার সুযোগ থাকে। তবে এই সুবিধার আড়ালে একটি বড় ঝুঁকিও রয়েছে।যেহেতু এটি শেষ করার কোনো তাড়া থাকে না, তাই ব্যবহারকারীরা চাইলে দীর্ঘক্ষণ এটি ব্যবহার করতে পারেন। ফলে ধূমপান ছাড়ার পরিবর্তে উল্টো নিকোটিনের প্রতি আসক্তি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।