প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২ আগস্ট প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় ডা. মোহিত কামাল বলেন, ‘বয়ঃসন্ধি বা তার পরবর্তী সময়ে সন্তানরা যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তখন মা-বাবার ভূমিকা কেবল শাসনকর্তা নয়, বরং একজন সহমর্মী বন্ধুর হওয়া প্রয়োজন। সন্তানের মনে এই বিশ্বাস জন্মানো দরকার যে, পরিস্থিতি যাই হোক না কেন—পরিবারই তার সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা। এই বোধটাই তাকে একাকিত্ব ও বিষণ্নতা থেকে রক্ষা করে। সেই সঙ্গে সন্তানের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করতে হবে। যেমন, কোনো একটি সমস্যা আপনি সমাধান করে না দিয়ে, তাকে জিজ্ঞেস করতে পারেন, "তোমার কী মনে হয়, এই পরিস্থিতি থেকে আমরা কীভাবে বের হতে পারি?" তখন সে এটা নিয়ে ভাববে। যার ফলে তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মপ্রত্যয় তৈরি হবে।’