বাঁধা পেরিয়ে বিপাশা আবার পড়াশোনা করছে
বিপাশা খাতুনের বয়স ১৩ বছর। কিন্তু বিপাশা খাতুন কিছু বুঝে ওঠার আগেই বাবা মা তাকে বিয়ে দিয়ে দেন। বিপাশার বাড়ি রাজশাহীর পদ্মার পাড়ে। পবা উপজেলার সীমান্তবর্তী এলাকা চরখিদিরপুরে। নদী ভাঙনে এলাকা এখন বিলীন প্রায়। করোনাকালে স্কুল বন্ধ। এই সুযোগে বাবা মা তার বিয়ে দিয়ে দেয়।
রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন বলেন, ‘বিয়ের রাতেই বিপাশার বুঝতে পারে স্বামী মাতাল, নেশাখোর। প্রতিরাতেই স্বামী নেশা করে এসে মারে। বিয়ের ২২ দিনের মাথায় একদিন চুপ করে স্বামীর বাড়ি থেকে পালিয়ে চলে আসে বিপাশা। বাবা-মাকে জানিয়ে দেয় সে আর ফিরতে চায় না স্বামীর বাড়িতে। সে আবার পড়শোনা শুরু করতে চায়। বিদ্যালয়ে ভর্তি হতে চায়। তারপর শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে। আবার ভর্তি হয়। কারণ এখানে কোনো শিক্ষার্থীকে পড়তে কোনো টাকা খরচ করতে হয় না। বেতন লাগে না। উপরন্তু বিদ্যালয় থেকে সহায়তা করা হয়। বিপাশা আবার সপ্তম শ্রেণিতে ভর্তি হয় আলোর পাঠশালায়।’
বিপাশা জানায়, ‘আলোর পাঠশালা আমাকে পড়াশোনার সুযোগ করেছে বিনা বেতনে। আমি এখন পড়তে পারব, আর কোনো বাধা নেই।’
বিপাশার বাবা শরিফুল ইসলাম বলেন, ‘মেয়ের বিয়ে দিয়ে ভুল করেছিলাম। আর ভুল করব না। মেয়েকে পড়াতে চাই। মেয়ের আগ্রহ দেখে এখন বুঝতে পারছি আমি মেয়ের বিয়ে দিয়ে ভুল করেছিলাম। আমার মতো কেউ যেন বাল্যকালে মেয়ের বিয়ে দিয়ে ভুল না করে।’
রেজিনা খাতুন আরও বলেন, ‘অল্প বয়সে বিপাশার বিয়ে দেওয়ার কথা শুনে আমরা হতাশ হয়েছিলাম। মেয়েটির পড়াশোনার আগ্রহ দেখে আমরা খুশি।’
বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্ট রাজশাহী আলোর পাঠশালাসহ ৬টি স্কুল পরিচালনা করছে।