কুড়িগ্রাম চরে প্রশংসা পেয়েছে আলোর পাঠশালা ফুটবল দল
প্রথম আলো চর আলোর পাঠশালায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও চর্চা করানো হয় নিয়মিত। তার ফলও পেয়েছে এই পাঠশালার শিক্ষার্থীরা। ২০০৯ সালে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কুড়িগ্রামের চরে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে প্রথম আলো চর আলোর পাঠশালাটি। প্রাতিষ্ঠনিক পাঠদানের পাশাপাশি ফুটবলের চর্চা ও প্রসারে গঠন করা হয়েছে আলোর পাঠশালা ফুটবল দল।
প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান জানালেন, ‘সহকারী শিক্ষক সফিকুল ইসলাম রুটিন করে সপ্তাহে তিনদিন ছুটি শেষে ফুটবল দলকে প্রশিক্ষন দেন। বাইরে থেকে অভিজ্ঞ প্রশিক্ষক এনেও প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়। প্রতি সপ্তাহে ফুটবল দলকে দুইভাগে ভাগ করে খেলার আয়োজনও করা হয়। বিশেষ দিবসগুলোতেও ফুটবল খেলার আয়োজন করা হয়। স্কুলের সব শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী এই ফুটবল খেলা উপভোগ করেন। এ ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও সাফল্য পেয়েছে আলোর পাঠশালা ফুটবল দল। প্রতি বছর অনুষ্ঠিত আন্ত:চর ফুটবল টুর্নামেন্টের সফল দল এটি। ২০১৭ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় আলোর পাঠশালা ফুটবল দল।’
প্রথম আলো চরের বাসিন্দা আব্দুস সোবহান বলেন, ’উপজেলা পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্রশংসা কুড়িয়েছে আলোর পাঠশালা ফুটবল দল। আলোর পাঠশালার এমন সাফল্যে আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। প্রত্যন্ত চর এলাকার এই ফুটবল দল একদিন বিভাগীয় পর্যায়েও প্রতিনিধিত্ব করবে।’
বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্ট কুড়িগ্রামের প্রথম আলো চর আলোর পাঠশালাসহ মোট ৬টি স্কুল পরিচালনা করছে।