মজু চৌধুরীর হাট বাজারের কোলাহল আর মেঘনা নদীর বাতাস গায়ে মেখে বেড়ে ওঠা এক কিশোর মোঃ লাবিব ওয়াহেদ। দশকের পর দশক ধরে সততার সাথে চা বিক্রি করে সংসার চালানো মোঃ আলমের কনিষ্ঠ পুত্র সে। চারপাশের হাজারো মানুষের আনাগোনা আর আলো ঝলমলে বাজারের আড়ালে এক অন্ধকার বাস্তবতাকে খুব কাছ থেকে দেখেছে লাবিব। শৈশব থেকেই তার চোখে পড়েছে কীভাবে মাদক ও সন্ত্রাস একটা সমাজকে গ্রাস করে, কীভাবে তরুণেরা পথভ্রষ্ট হয়। সমাজের এই ভয়াবহ চিত্র লাবিবের কোমল মনে গভীর রেখাপাত করেছে।
আর সেই অন্ধকারকে দূর করতেই এখন থেকেই এক দৃঢ় সংকল্প বুনেছে সে। বড় হয়ে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে। সমাজ থেকে সন্ত্রাস ও মাদকের কালো থাবা চিরতরে নির্মূল করার স্বপ্ন দেখছে লাবিব। আর এই স্বপ্ন পূরণের একমাত্র হাতিয়ার হিসেবে সে নিজেকে একজন সৎ, নির্ভীক ও দেশপ্রেমিক পুলিশ অফিসার হিসেবে গড়ে তুলতে চায়।
লাবিবের এই স্বপ্নের যাত্রার প্রথম ধাপ শুরু হয়েছিল মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালা থেকে। আলোর পাঠশালার শিক্ষকদের স্নেহ আর দিকনির্দেশনায় সে ২০২৫ সালে পঞ্চম শ্রেণীর পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে সে এলাকার ঐতিহ্যবাহী ডাঃ আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে। বাবার সততা আর শিক্ষকদের আর্শীবাদকে সম্বল করে নিজের লক্ষ্যের দিকে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে এই কিশোর। লাবিব বিশ্বাস করে, অন্ধকার যতই গভীর হোক, আলোর একটি বিন্দুই তাকে তাড়িয়ে দিতে পারে। সে নিজেই সেই আলোর বিন্দু হয়ে তার সমাজকে মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত করতে চায়। স্বপ্নের এই দীর্ঘ পথ পাড়ি দিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে লাবিব।