স্বপ্ন দেখতে বয়স লাগে না, প্রয়োজন শুধু একটি সুন্দর মন আর স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছাশক্তি। ছোট্ট বয়সেই এমনই এক মহৎ স্বপ্ন বুকে ধারণ করেছে প্রথম আলো চর আলোর পাঠশালার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোঃ সাকিবুল হাসান। বড় হয়ে সে একজন সৎ, আদর্শ ও মানবিক পুলিশ কর্মকর্তা হতে চায়। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দেশ ও জনগণের সেবা করার প্রবল ইচ্ছা রয়েছে তার।
সাকিবুল হাসানের বিশ্বাস পুলিশ শুধু একটি পেশা নয়; এটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মহান দায়িত্ব। তাই ছোটবেলা থেকেই সে নিজেকে একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও ভালোভাবে পড়াশোনা করলে একদিন তার এই স্বপ্ন পূরণ হবে বলে তার দৃঢ় বিশ্বাস।
একটি সুন্দর স্বপ্নই পারে একজন মানুষকে আলোর পথে এগিয়ে নিতে সাকিবুল হাসানের এই ভাবনা সমাজে এক ইতিবাচক বার্তা ছড়াচ্ছে। সচেতন মহলের প্রত্যাশা, সাকিবুল হাসানের এই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নিক। সে যেন বড় হয়ে দেশের গর্ব এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠতে পারে। সাকিবুল হাসানের মতো প্রতিটি শিশুর স্বপ্ন ডানা মেলুক এবং শিক্ষা ও মানবিকতার আলোয় আলোকিত হোক আগামীর বাংলাদেশ।