শিক্ষার মান উন্নয়নে কচ্ছপতলীতে অভিভাবক সমাবেশ

নিয়মিত কাজের অংশ হিসেবে কচ্ছপতলী আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। মোট ৮টি স্কুলের মধ্যে বান্দরবানের থানচিতে অবস্থিত ‘কচ্ছপতলী আলোর পাঠশালা’ একটি। এ পাঠশালায় নিয়মিত কাজের অংশ হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পাঠশালার প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরার সভাপতিত্বে সকল অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের লক্ষ্যে এ সমাবেশ করা হয়েছে। আলোচনায় উঠে এসেছে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থীর সুসম্পর্ক বৃদ্ধি ও অভিভাবকদের সাহায্য সহযোগিতা, নিয়মিত খোঁজ খবর রাখা।

শিক্ষার মান উন্নয়নে তিনটা পক্ষ (শিক্ষক-ছাত্র-অভিভাবক) এক হয়ে কাজ করতে হবে। তিনটা পক্ষ এক হলে একজন ছাত্র/ছাত্রীর শিক্ষার মান উন্নয়ন করা সহজ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলার প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ আরও অনেকেই।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট আটটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১ টি, বান্দরবানে ১টি ও লক্ষ্মীপুরে ১টি করে আটটি স্কুলে মোট ১ হাজার ৬৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।