বাবুডাইং আলোর পাঠশালায় বিপি দিবস উদ্যাপন
চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে ২২ ফেব্রুয়ারি (রোববার) স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গলওয়েল (বিপি)-এর জন্মদিন উদ্যাপন করেছে বাবুডাইং আলোর পাঠশালা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে তিনটি ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্যদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কনের বিষয় ছিল জাতীয় শহীদ মিনার ও জাতীয় পতাকা। কুইজ প্রতিযোগিতার বিষয় ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
কুইজ প্রতিযোগিতা শেষে দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপ সভাপতি আলী উজ্জামান নূর, সম্পাদক ও সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ, কোষাধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক শাখা) শংকর চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক (প্রাথমিক শাখা) লুইশ মুর্মু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাব স্কাউট লিডার মেহেদী হাসান।
বক্তারা বলেন, ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লর্ড ব্যাডেন পাওয়েল লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯০৭ সালে ইংল্যান্ডে স্কাউট আন্দোলনের সূত্রপাত করেন। তাঁর প্রবর্তিত স্কাউট আন্দোলন বর্তমানে পৃথিবীর ১৭৪টি দেশে পরিচালিত হচ্ছে। স্কাউট আন্দোলনের প্রধান লক্ষ্য হলো শিশু, কিশোর, যুবকদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক বিকাশ ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। একজন স্কাউট সদস্য সামাজিক, সাংস্কৃতিক কাজে এবং দেশের যেকোনো দুর্যোগকালীন সময়ে তাঁরা এগিয়ে আসে। আলোচনা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।