শিক্ষার পথে প্রতিকূলতা থাকলেও ইচ্ছাশক্তিকে পাথেয় করে এগিয়ে চলছেন ফারজানা আক্তার। মদনপুর আলোর পাঠশালার এই লড়াকু শিক্ষার্থী আজ নিজ পরিবার ও এলাকার অনেক কিশোরীর জন্য অনুপ্রেরণার উৎস। নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া ফারজানা তার বাবা আব্দুল গনি এবং মা মাইমুনা বেগমের জ্যেষ্ঠ সন্তান। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় হওয়ায় ছোট থেকেই তার কাঁধে ছিল বাড়তি দায়িত্ব। ঘরের কাজে মাকে সাহায্য করা এবং ছোট ভাই-বোনদের দেখাশোনার পাশাপাশি সে নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছে সমান তালে। অভাব-অনটন বা সামাজিক সীমাবদ্ধতা তার পড়াশোনার অদম্য ইচ্ছাকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারেনি।
সম্প্রতি তার নিপুণ অঙ্কন শৈলীর মাধ্যমে ফারজানার একটি বিশেষ প্রতিভা প্রকাশ পেয়েছে। এই চিত্রাঙ্কন কেবল একটি শখ নয়, বরং তার ভেতরের শৈল্পিক চেতনার বহিঃপ্রকাশ। মদনপুর আলোর পাঠশালা তার এই প্রতিভাকে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাঠশালার সহকারী শিক্ষক মাকসুদুর রহমান জানান, ফারজানা শুধু পড়াশোনাতেই নয়, সহ-শিক্ষা কার্যক্রমেও অত্যন্ত মনোযোগী এবং প্রশংসনীয় উপস্থিতি রয়েছে তার।
ফারজানা বিশ্বাস করে, একমাত্র শিক্ষার মাধ্যমেই সে তার পরিবারের ভাগ্য পরিবর্তন করতে পারবে। তার এই স্থির লক্ষ্য এবং কঠোর পরিশ্রম তাকে সফলতার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে বলে তার শিক্ষক ও বাবা-মায়ের আশা।