বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন পেল বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা

বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন পেল বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা

বাবুডাইং আলোর পাঠশালার মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।  স্কয়ার টয়লেট্রিজের সহায়তায় গত রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে অবস্থিত বিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সব প্যাড বিতরণ করা হয়।

এ সময় মেয়েদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে করণীয় ও বর্জনীয় দিকগুলো নিয়ে কথা বলেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, সাংবাদিক আবুল হায়াত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সিনিয়র শিক্ষক শিরিনা খাতুন ও নিলমুনি কিসকু প্রমুখ।

শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আমন্ত্রিত অতিথিগণ।

স্যানিটারি ন্যাপকিন পেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নন্দিনী সাইচুরি বলে, ‘আমরা ক্ষুদ্র জাতিসত্ত্বার মানুষ। আমাদের মা-দাদীরা আগে কখনও প্যাড ব্যবহার করতো না। স্কুলে এসে আমরা এ বিষয়ে সচেতন হয়েছি। এ ছাড়া পিরিয়ড চলাকালীন সময়ে স্কুলে থাকলে ফ্রিতে প্যাডও পাই। আজ এক মাসের জন্য দুই প্যাকেট প্যাড ফ্রি পেলাম। আমাদের খুব আনন্দ হচ্ছে। এতে আমাদের স্বাস্থ্যঝুঁকিও কমবে। নিরাপদে থাকতে পারব।’

প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর স্কয়ার টয়লেট্রিজ ও প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ বিনা মূল্যে প্যাড পেয়ে শিক্ষার্থীরা খুশি হয়েছে। আগামী কয়েক মাসও তাদের বিনা মূল্যে এ সব প্যাড দেওয়া হবে। এর ফলে যেমন তারা সচেতন থাকবে, পাশাপাশি পরিবারের অন্য মেয়েদের প্যাড ব্যবহারে উৎসাহ দিবে। ফলে সামাজিক স্বাস্থ্যঝুঁকিও কমবে বলে আমার ধারণা।