দারিদ্র্যকে জয় করে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত গ্রাম চর কুমরের বসের সন্তান মো. লতিফুল ইসলাম। তিনি প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থী। বাবা মো. রিয়াজুল হক পেশায় কৃষক এবং মা মোছা. রাশিদা বেগম গৃহিণী। পাঁচ ভাই-বোনের মধ্যে দ্বিতীয় লতিফুলের পরিবারটি অসচ্ছল হলেও পড়াশোনার প্রতি ছিল তাঁর প্রবল আগ্রহ।
২০২০ সালে চর রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লতিফুল ইসলাম প্রথম আলো চর আলোর পাঠশালায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি বিজ্ঞান বিভাগ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৩০ পেয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি নাগেশ্বরী সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত। ২০২৭ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে চান লতিফুল। সেই লক্ষ্যে তিনি এখন থেকেই নিবিড়ভাবে প্রস্তুতি নিচ্ছেন।
আলোর পাঠশালায় থাকাকালীন পড়াশোনার পাশাপাশি লতিফুল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তিনি বিদ্যালয়ের পিটি প্যারেড পরিচালনা করতেন এবং নিয়মিত কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতেন। ক্রিকেট খেলায়ও তাঁর বিশেষ দক্ষতা ছিল। সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত ভালো এবং শিক্ষকরা এখনও তার পড়াশোনার খোঁজখবর রাখেন। প্রবল ইচ্ছা ও শিক্ষকদের অনুপ্রেরণায় তিনি তার স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন।