কচ্ছপতলী আলোর পাঠশালায় শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধন

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিন আলম তুলি।

গত ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, কচ্ছপতলী আলোর পাঠশালায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার প্রসারে ও প্রান্তিক শিক্ষার্থীদের এগিয়ে নিতে এই আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিন আলম তুলি। প্রধান শিক্ষক লাপ্রাড ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং আলেক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চংঙ্যা, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি চাইনিং মারমা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ শেষে ভাষার মাস উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধা ও ৩০ লক্ষ শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালনের মাধ্যমে মূল পর্বের সূচনা করা হয়। এরপর অতিথিরা কচ্ছপতলী আলোর পাঠশালার প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান অবধি বিভিন্ন কার্যক্রমের সচিত্র ' ফটো কর্নার ' পরিদর্শন করেন। অনুষ্ঠানের মূল অংশে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল প্রশংসনীয় ও মনোমুগ্ধকর। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এলাকার চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি বিশ্বনাথ তঞ্চংঙ্যা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার লগ্ন থেকে বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে শিক্ষায় পিছিয়ে পড়া ও প্রান্তিক এলাকা থেকে আগত শিক্ষার্থীদের শিক্ষার উপর জোর দেওয়ার জন্য ইঙ্গিত ও দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি সকল উপস্থিত অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের প্রতি সতর্কতা, সাহায্য-সহযোগিতা এবং বাচ্চাদের নিয়মিত খোঁজখবর রাখার বিষয়ে উৎসাহ দেন। তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও মঙ্গল কামনা করেন

পরিশেষে অনুষ্ঠানে আগত প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিগণ, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।